বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৫৯

শিরোনাম :
বরিশালে পরীক্ষা কেন্দ্রে প্রবেশে বাধা দেয়ায় পুলিশ কনস্টেবলকে ছাত্রলীগ নেতার থাপ্পর

বরিশালে পরীক্ষা কেন্দ্রে প্রবেশে বাধা দেয়ায় পুলিশ কনস্টেবলকে ছাত্রলীগ নেতার থাপ্পর

dynamic-sidebar

বরিশালের হিজলা উপজেলায় প্রাথমিক ও ইবতেদায়ী একটি পরীক্ষা কেন্দ্রে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদকে প্রবেশে বাধা দেয়ায় মেহেদী হাসান নামে এক পুলিশ কনস্টেবলকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে টিটিএমডিসি মডেল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। প্রতক্ষদর্শীরা জানান, পরীক্ষা চলাকালীন সময় এক পরীক্ষার্থীর খোঁজখবর নিতে টিটিএমডিসি মডেল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রবেশের চেষ্টা করেন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। এসময় তার সঙ্গে ছাত্রলীগ কর্মী তানজিল সিকদার ও মোজাম্মেল মীরসহ কয়েকজন ছিলেন। পরীক্ষা কেন্দ্রে একাই দায়িত্বরত ছিলেন কনস্টেবল মেহেদী হাসান। এসময় ছাত্রলীগ নেতাকর্মীদের কেন্দ্রে প্রবেশে বাধা দেন তিনি। পুলিশের বাধা উপেক্ষা করেই পরীক্ষা কেন্দ্রের ঢুকে পড়েন ছাত্রলীগ নেতাকর্মীরা। এসময় কনস্টেবল মেহেদী ছাত্রলীগ নেতাদের কেন্দ্র থেকে বের হয়ে যেতে বললে প্রকাশ্যে তাকে (মেহেদী) কয়েকটি থাপ্পর দেয় ছাত্রলীগ সম্পাদক আজাদ। এ নিয়ে সেখানে উত্তেজনা দেখা দিলে কেন্দ্র সচিব ও দায়িত্বরত শিক্ষকদের অনুরোধে পরীক্ষা কেন্দ্র ত্যাগ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। পুলিশ কনস্টেবলকে থাপ্পর দেয়ার অভিযোগ অস্বীকার করে উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, কলেজ ছাত্রলীগের সদস্য সুমন তার ভাইকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে গেলে এক কনস্টেবলের সঙ্গে তর্ক হয়। পরে বিষয়টি সুরাহা করেন কেন্দ্রের শিক্ষকরা। আবুল কালাম আজাদ দাবি করেন, তিনি পরীক্ষা কেন্দ্রে যাননি। তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। টিটিএমডিসি কেন্দ্রের সচিব জহিরুল ইসলাম বলেন, কেন্দ্রের বাইরে কি হয়েছে তা তিনি জানেন না। কেন্দ্রের ভেতরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে বিষয়টি এড়িয়ে যান তিনি। হিজলা থানা পুলিশের পরিদর্শক (ওসি তদন্ত) মো. ফোরকান জানান, টিটিএমডিসি মডেল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হট্টগোল ও ঝামেলার খবর পেয়ে তিনি সেখানে যান । তবে তিনি সেখানে পৌঁছার আগেই হট্টগোল সৃষ্টিকারীরা সটকে পড়ে। অনাকাঙ্খিত ঘটনা এড়াতে ওই পরীক্ষা কেন্দ্রে একজন থেকে বাড়িয়ে দু’জন কনস্টেবলকে দায়িত্ব দেয়া হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net