বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৩৯

শিরোনাম :
নকল কান্না, নেইমারের অভিনয়ে সমালোচনার ঝড়

নকল কান্না, নেইমারের অভিনয়ে সমালোচনার ঝড়

dynamic-sidebar

ক্রীড়া ডেস্ক: কোস্টা রিকার বিরুদ্ধে গোল করেছেন, দলও জিতেছে। তবু সমালোচনার ঝড় নেইমারকে ঘিরে। তাঁর করা গোলের থেকেও বেশি গুরুত্ব পেয়েছে ম্যাচের পর কান্না আর পেনাল্টির জন্য আবেদন। এই দুটি বিষয় নিয়ে সমালোচনার ঝড় বয়ে গেছে ব্রাজিল সংবাদমাধ্যমে। নেইমারের কান্নাকে যেমন নকল হিসেবে চিহ্নিত করা হয়েছে, তেমনি পেনাল্টির আবেদনকে নাটক হিসেবে বর্ণনা করা হয়েছে ব্রাজিলের সংবাদমাধ্যমে।

ব্রাজিলের প্রথম সারির সংবাদপত্র‘ও গ্লোবো’হেডলাইন করেছে, ‘বিশ্বকাপে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচে নেইমারের এই কান্না স্বাভাবিক নয়।’

এই সংবাদপত্র আরও লিখেছে, ‘ভঙ্গুরতা নয়, একটা দলের মানসিক শক্তি প্রদর্শন করা দরকার। আসল কী নকল, সেটা বড় ব্যাপার নয়, নেইমারের এই কান্না ভুল। এটা হয়তো নিজের গোল করার কাজে ফিরতে পারার জন্য কান্না।’

যদিও ম্যাচের পর টুইট করে আত্মপক্ষ সমর্থন করেছেন নেইমার। সমালোচনার জবাব দিয়ে তিনি লিখেছেন, ‘কেন আমি কেঁদেছিলাম, সেটা সবাই জানে না। কথা বলা সহজ, এখন কাজ করে দেখানোর সময়। আমার জীবনে কোনও কিছু সহজভাবে ঘটেনি। এখনও নয়।’

আর একটি ওয়েবসাইট ইউওল এস্পোর্তেতে বলা হয়েছে, ‘নেইমারের কান্না বড় খবর। নেইমার একাকী, ভেঙে পড়েছে, চোখ দিয়ে জলের বন্যা, বিশ্বকাপের এটা বড় ইমেজ। একজন ফুটবলারের চোখে জল।’

ম্যাচের ৭৭ মিনিটে বক্সের মধ্যে নিজে থেকেই পড়ে গিয়ে পেনাল্টির আবেদন করেছিলেন নেইমার। তাই প্লে অ্যাক্টিং ভাল চোখে দেখেনি অনেকেই। ‘গ্লোবো’ তো সরাসরিই সমালোচনা করেছে নেইমারের। লিখেছে, ‘নেইমারের এই অভিনয়ের জন্য ব্রাজিলকে মূল্য দিতে হতে পারে।’

অনেকেই অবজ্ঞার চোখে দেখেছেন। গোল করে দলকে জিতিয়েও সমালোচনা কিছুতেই পেছন ছাড়ছে না নেইমারের। সোশ্যাল মিডিয়াতেও নেইমার ও তিতেকে নিয়ে উপহাস করা হয়েছে। লেখা হয়েছে, ‘কীভাবে ডাইভ দিতে হয়, নেইমারকে শেখাননি তিতে।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net