শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:২৮

কদর বাড়ছে বিএনপির বিকল্প প্রার্থীদের

কদর বাড়ছে বিএনপির বিকল্প প্রার্থীদের

dynamic-sidebar

চট্টগ্রামে বিএনপির সাত হেভিওয়েট প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় বিকল্প প্রার্থীদের কদর বাড়ছে। শেষ পর্যন্ত বিকল্পরাই মূল প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে চট্টগ্রামের অন্তত পাঁচটি আসনে। এসব আসনে বিকল্প প্রার্থীদের সঙ্গে বিএনপির তৃণমূল নেতা-কর্মীদের আগে তেমন সম্পর্ক না থাকলেও নির্বাচনী হাওয়া পাল্টে যাওয়ায় সম্পর্কের পালেও লেগেছে ইতিবাচক হাওয়া। ইতিমধ্যে বিকল্প প্রার্থীরা নিজ নিজ দলের তৃণমূল নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে সরাসরি যোগাযোগ শুরু করে দিয়েছেন। পাশাপাশি কেন্দ্রের সঙ্গেও বাড়িয়ে দিয়েছেন যোগাযোগ। কেউ কেউ বিএনপির হাইকমান্ড থেকে সবুজ সংকেতও পেয়ে গেছেন। আর এসব কারণে বিকল্পদের পক্ষে তৃণমূলের সমর্থনও বৃদ্ধি পেতে শুরু করেছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, রিটার্নিং অফিসারের যাচাই-বাছাইয়ের পর চট্টগ্রামে বিএনপি প্রার্থীদের মধ্যে যাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে, ত্রুটি সংশোধন শেষে আপিল আবেদনে এদের কারও কারও মনোনয়ন গ্রহণযোগ্যও হতে পারে। তবে অধিকাংশের ক্ষেত্রে ঋণ খেলাপির অভিযোগ থাকায় তাদের মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল বলে মনে করা হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রাম-৮ আসনে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানের বিদ্যুৎ বিল বকেয়া থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এই আসনে বিকল্প প্রার্থী নগর বিএনপির সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ানের মনোনয়ন দলীয়ভাবে চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। একইভাবে চট্টগ্রাম-৫ আসনে সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন ও তার পুত্র ব্যারিস্টার মীর হেলালের বিরুদ্ধে দুর্নীতি মামলায় সাজা থাকায় তাদের প্রার্থিতা অবৈধ ঘোষণা করা হয়। ফলে এই আসনে কপাল খুলতে পারে বিএনপির সাবেক চিফ হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানার।

চট্টগ্রাম-৪ আসনে উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরীর বিরুদ্ধে ঋণ খেলাপি মামলা থাকায় ওই আসনে এ ওয়াই বি সিদ্দিকীই শেষ পর্যন্ত নির্বাচনে লড়বেন বলে জানা গেছে।

এদিকে চট্টগ্রাম আসনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র সামির কাদের চৌধুরীর মনোনয়ন বাতিল হওয়ায় এখানে নির্বাচনে লড়তে যাচ্ছেন বিএনপি নেতা জসিম উদ্দিন সিকদার। এর আগে নিজ দলে তার তেমন মূল্যায়ন না হলেও এবার বিএনপির অন্য কোনো প্রার্থী না থাকায় বেড়েছে তার কদর। চট্টগ্রাম-৭ আসনে বিএনপির গিয়াস উদ্দিন কাদের চৌধুরীসহ বিএনপির অন্য তিন প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় এখানে বিএনপির মো. শওকত আলী নূরের সম্ভাবনা দেখা দিয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net