, ,

শিরোনাম :
বরিশালে জ্বালানি তেলের মজুদ বাড়াতে ‘তেল মজুদাগার’ নির্মাণ হচ্ছে

বরিশালে জ্বালানি তেলের মজুদ বাড়াতে ‘তেল মজুদাগার’ নির্মাণ হচ্ছে

dynamic-sidebar

বরিশাল বিভাগে জ্বালানি তেলের মজুদ বাড়াতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। এর জন্য পটুয়াখালীর দশমিনায় বিভাগের তৃতীয় তেল মজুদাগার গড়ে তোলার পরিকল্পনা করেছে সংস্থাটি। মূলত পটুয়াখালীতে পায়রাবন্দর ঘিরে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং ভবিষ্যৎ জ্বালানি চাহিদা মেটাতেই এ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে ডিপো নির্মাণের জায়গা নির্ধারণ ও সম্ভাব্যতা যাচাইও শেষ করেছে সংস্থাটি।

বর্তমানে বরিশাল বিভাগে মাত্র দুটি তেল ডিপো রয়েছে। এর মধ্যে বরিশাল সদরে একটি এবং দ্বিতীয়টি রয়েছে ঝালকাঠিতে। এ দুটি ডিপোর মোট ধারণক্ষমতা ১৮ হাজার ৯৩২ টন। এ দুই ডিপো থেকেই পুরো বিভাগে শিল্পকারখানা, বিদ্যুৎকেন্দ্রসহ বিভিন্ন জায়গার তেলের চাহিদা মেটানো হয়। তবে অর্থনীতির আকারের সঙ্গে তাল মিলিয়ে বিভাগে জ্বালানি তেলের চাহিদা ক্রমেই বাড়ছে। এ ছাড়া পায়রাবন্দর ও নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রসহ নানা উন্নয়ন কর্মকান্ডের ফলে ভবিষ্যতে জ্বালানির চাহিদা আরও কয়েক গুণ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিপিসি সূত্র জানায়, কোনো এলাকায় তেলের ডিপো নির্মাণে প্রধান শর্ত ওই এলাকায় মাসে অন্তত এক লাখ ৪০ হাজার লিটার জ্বালানির চাহিদা থাকতে হয়। তবে পটুয়াখালীতে মাসে জ্বালানির চাহিদা দুই লাখ লিটারের বেশি। এ ছাড়া ভৌগোলিক অবস্থান বিবেচনায়ও ভাসমান এবং স্থলভিত্তিক দুই পদ্ধতিতেই পটুয়াখালীতে ডিপো করার সুযোগ রয়েছে। এ বিষয়ে বিপিসি চেয়ারম্যান শামসুর রহমান বলেন, সরকার পটুয়াখালীতে পাওয়ার হাবসহ বেশ কিছু উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে। ওই এলাকার বর্তমান চাহিদা ও এসব প্রকল্প বাস্তবায়ন এবং বাস্তবায়নপরবর্তী জ্বালানির জোগান দিতে আমরা সেখানে একটি ডিপো করার পরিকল্পনা করেছি। ডিপো হলে ওই এলাকার অর্থনীতির চাকা আরও গতিশীল ও মানুষের জীবন মান আরও উন্নত হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net