বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. এস এম ইমামুল হকের অপসারণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা।
রবিবার (২৮ এপ্রিল) পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় অবস্থান কর্মসূচি পালন করে তারা। এ সময় আন্দোলনকারীরা উপাচার্য অধ্যাপক ড. এস এম ইমামুল হক বিরোধী বিভিন্ন স্লোগান দেয়।
এর আগে টানা তিন দিন আমরণ অনশন পালন শেষে গেলো শুক্রবার বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক হানিফের নেতৃত্বে আগত প্রতিনিধি দলের আহ্বানে শিক্ষক-শিক্ষার্থীরা অনশন কর্মসূচি সোমবার পর্যন্ত স্থগিত করে। তবে এর মধ্যে কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে পুনরায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেয় আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা।
উল্লেখ্য, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আন্দোলনকারী শিক্ষার্থীদের ‘রাজাকারের বাচ্চা’ বলে গালি দেওয়ায় চলমান আন্দোলনের সূত্রপাত হয়। এরপর টানা আন্দোলনে অচল হয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম। চলমান অচলাবস্থা নিরসনে প্রশাসনের সঙ্গে আলোচনায় বসেও এর কোনো সুরাহা হয়নি। উপাচার্যের অপসারণ না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের পক্ষ থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply