সুনান বিন মাহাবুব ॥পটুয়াখালীর পায়রা ১৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য এমভি জিং হাই টং- ৮ নামে হংকং এর পতাকাবাহী জাহাজটি পায়রা বন্দরের জেটিতে নোঙর করেছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২টায় কয়লা পরিবহনের জন্য নির্মিত জেটিতে জাহাজটি নোঙর করে।
বিকাল নাগাদ কয়লা খালাসের কার্যক্রম শুরু হয়েছে বলে পায়রা কর্তৃপক্ষসূত্রে নিশ্চিত হওয়া গেছে। বিসিপিসিএল এর নির্মাণাধীন কলাপাড়ার ধানখালীতে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন কাজে এ কয়লা ব্যবহৃত হবে বলে কর্তৃপক্ষ জানায়।
এরপরে ২৫ ও ২৬ সেপ্টেম্বরে আরও তিনটি জাহাজ কয়লা নিয়ে আসবে। এছাড়াও অন্যান্য কোম্পানির পণ্য সামগ্রী খালাশের জন্য আরও টার্মিনাল নির্মাণের কাজ চলমান রয়েছে।
উল্লেখ্য ২০১৬ সালের ১৩ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পায়রা বন্দরের মুরিং পয়েন্টে শিপ টু শিপ আংশিক অপারেশনাল কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
প্রথম কয়লার জাহাজ আসার খবরে পায়রা পোর্ট ও পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র এলাকার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তারা ব্যস্ত সময় পার করছেন।
বন্দর কর্তৃপক্ষ সূত্র জানায়, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের অপারেশন কার্যক্রম শুরু করার জন্য এই প্রথম ২০ হাজার মেট্রিক টন কয়লা আমদানি করা হলো। বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড (বিসিপিসিএল) কর্তৃপক্ষ বছরে প্রায় ৪০ লাখ মেট্রিক টন কয়লা আমদানি করবে। অর্থাৎ প্রতিদিন পায়রা বন্দরে কমপক্ষে একটি করে কয়লাবাহী জাহাজ আসবে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply