অনলাইন ডেস্ক : দেশের দু–একটি স্থানে সামান্য কিছু বৃষ্টি হয়েছে। কিন্তু দেশের অন্যান্য স্থানে বৃষ্টি কমেনি, বরং বেড়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলেছে, আজ মঙ্গলবার রাজধানীতে বৃষ্টিপাত বাড়তে পারে। তবে কমতে পারে দেশের উপকূলসহ বিভিন্ন স্থানে। বুধবার থেকে বৃষ্টি আবারও বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পাঁচ দিন ধরে দেশের বিভিন্ন স্থানে যে বৃষ্টি হচ্ছে, তা মূলত পশ্চিমা লঘুচাপের কারণে সৃষ্টি হওয়া মেঘমালার কারণে। আগামী দু–এক দিনের মধ্যে ওই মেঘের সঙ্গে বঙ্গোপসাগর থেকে আসা মেঘমালা যোগ দিতে পারে। এতে মে মাসের শুরু থেকে বৃষ্টিপাত আরও বাড়তে পারে। কারণ, বঙ্গোপসাগরের অদূরে আন্দামান সাগরে একটি লঘুচাপ সৃষ্টির মতো আবহাওয়া তৈরি হয়েছে।
লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কাও দেখছেন আবহাওয়াবিদেরা। এটি আরও শক্তি অর্জন করলে তা একটি ঘূর্ণিঝড়েও পরিণত হতে পারে বলে মনে করছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদেরা। এতে মে মাসের প্রথম সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, পশ্চিমা লঘুচাপের কারণে আকাশে এখনো মেঘের পরিমাণ বেশি। আজ মঙ্গলবার সারা দেশে সামগ্রিকভাবে বৃষ্টিপাত কমে গিয়ে বুধবার থেকে তা আবারও বাড়তে পারে। আন্দামান সাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা বাড়ছে বলেও তিনি জানান।
এদিকে গত তিন দিনের মতো গতকাল সোমবারও দেশের সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কুমিল্লা জেলায়, ৯২ মিলিমিটার। এ ছাড়া বরিশাল, খুলনা ও চট্টগ্রামেও মাঝারি বৃষ্টি হয়েছে। ঢাকায় এক মিলিমিটারের চেয়েও কম বৃষ্টি হয়েছে।
আজকের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বেশির ভাগ স্থানের দু-একটি স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply