অনলাইন ডেস্কঃ বঙ্গবন্ধুর ভাগ্নে বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহর স্ত্রী মুক্তিযোদ্ধা শাহান আরার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক শোক বার্তায় বলা হয়, “প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।”
হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ১১টার দিকে ৭০ বছর বয়সী শাহান আরার মৃত্যু হয়।
জানাজা শেষে সোমবার দুপুরে তাকে বরিশাল মুসলিম গোরস্থানে দাফন করা হয়।
শাহান আরা বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন।
তিনি স্বামী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাদের বড় ছেলে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট রাতে ধানমণ্ডির ৩২ নম্বর রোডের বাড়িতে সপরিবারে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের কালরাতে মিন্টো রোডে বাড়িতেও যে হত্যাযজ্ঞ চলে তার সাক্ষী ছিলেন শাহান আরা।
ওই রাতে তার সামনে গুলিতে নিহত হয় তার শিশুসন্তান সুকান্ত বাবু, শ্বশুর তৎকালীন মন্ত্রী আব্দুর রব সেরনিয়াবাতসহ অনেকে। সে সময় শাহান আরা নিজেও গুলিবিদ্ধ হন।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply