, ,

শিরোনাম :
সাদিক হাসানাতের বিরুদ্ধে মন্তব্য করায় আ.লীগ থেকে বহিষ্কার কাউন্সিলর প্রার্থী

সাদিক হাসানাতের বিরুদ্ধে মন্তব্য করায় আ.লীগ থেকে বহিষ্কার কাউন্সিলর প্রার্থী

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্কঃ সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও তাঁর বাবা আবুল হাসানাত আব্দুল্লাহ হাতপাখার প্রার্থীকে টাকা দিয়েছেন এমন অভিযোগ করায় কাউন্সিলর শরীফ মো. আনিছুর রহমানকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার গভীর রাতে দলের জেলা ও মহানগরের সদস্য পদ থেকে তাঁকে বহিষ্কার করা হয়। নগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হেমায়েত উদ্দিন সেরনিয়াবাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

 

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে নৌকার মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহকে পরাজিত করতে ষড়যন্ত্র করছেন তাঁরা। তারই অংশ হিসেবে হাতপাখার প্রার্থীকে টাকা দেওয়া হয় বলে অভিযোগ করেন আনিছুর রহমান। নৌকার মেয়র প্রার্থীর এই অনুসারী নগরের ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং চলমান নির্বাচনে প্রার্থী। এর আগে রোববার বিকেলে এক সংবাদ সম্মেলনে কাউন্সিলর আনিছুর বলেন, ‘ঢাকায় বসে নৌকাকে হারানোর জন্য হাতপাখার প্রার্থীকে ৩ কোটি টাকা দিয়েছেন আমাদের অভিভাবক। আমরা যে ১০ জন কাউন্সিলর সাদিকের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলাম, তাঁদের ওয়ার্ডে তিনজন করে প্রার্থী দাঁড় করিয়েছেন।

 

ওই সব ওয়ার্ডে আমাদের হারাতে ৩০ লাখ করে টাকা দেওয়া হয়েছে।’সাংবাদিকদের প্রশ্নের জবাবে আনিছুর রহমান বলেন, ‘আমরা যাঁকে এত দিন অভিভাবক বলতাম, সেই আবুল হাসানাত আব্দুল্লাহ এবং তাঁর ছেলে সাদিক আব্দুল্লাহ নৌকার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।’আবুল হাসানাত আব্দুল্লাহ জেলা আওয়ামী লীগের সভাপতি এবং মেয়র সাদিক আব্দুল্লাহ নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।রোববার দুপুরে ২৪ নম্বর ওয়ার্ডের ধান গবেষণা সড়কে কাউন্সিলর প্রার্থী আনিছুর রহমানের সমর্থকদের সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাফিন মাহমুদের সমর্থকদের সংঘর্ষ হয়। বিকেলে আনিছুর ও শাফিন পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেন।

 

শাফিন মাহমুদ সাদিকপন্থী। এ প্রসঙ্গে জানতে চাইলে আনিছুর রহমান বলেন, ‘সংবাদ সম্মেলনে বলেছিলাম, ওপরে নৌকার ব্যাচ আর নিচে হাতপাখার ব্যাচ লাগিয়ে নৌকা মার্কায় ভোট চাওয়া হচ্ছে। আমি জন্মসূত্রে আওয়ামী লীগ। দলে পদ থাকলেও আছি, না থাকলেও আছি।’এ ব্যাপারে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস বলেন, কাউন্সিলর ও বর্তমান প্রার্থী শরীফ আনিছুর রহমান দলের নেতাদের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক অভিযোগ করেছেন। শৃঙ্খলা ভঙ্গ করায় দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রোববার গভীর রাতে আনিছুরকে বহিষ্কার করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net