খবর বরিশাল ডেস্ক :
বরিশাল সিটি কর্পোরেশনের ৩০ নং ওয়ার্ডের গড়িয়ারপাড় বাজার এলাকায় মহাসড়কের পাশের যাত্রী ছাউনি উচ্ছেদ করে সেখানে ডাস্টবিন নির্মাণের প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ী, রাজনীতিবিদ ও এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (৩ নভেম্বর) বিকেলে গড়িয়ারপাড় বাজারের জনবহুল স্থানে অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে ৩০ নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক সজীব বেগ মিসাদ বলেন, দীর্ঘদিন ধরে বাজারের পাশে স্থাপিত যাত্রী ছাউনিটি সাধারণ পথচারী, শ্রমজীবী ও বয়স্ক মানুষদের বিশ্রামের স্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ কোনো বিকল্প ব্যবস্থা ছাড়াই হঠাৎ করে ছাউনিটি উচ্ছেদ করে সেখানে ডাস্টবিন নির্মাণের কাজ শুরু করেছে, যা জনস্বার্থবিরোধী।
৩০ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মোস্তাফিজুর রহমান রিয়াজ বলেন, জনবহুল বাজার এলাকায় ডাস্টবিন নির্মাণের ফলে পরিবেশ দূষণ ও দুর্গন্ধ ছড়িয়ে পড়বে, যা ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় বাসিন্দাদের জন্য মারাত্মক ভোগান্তির কারণ হবে। তারা দ্রুত যাত্রী ছাউনিটি পুনঃস্থাপন ও অন্যত্র ডাস্টবিন স্থানান্তরের দাবি জানান।
মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply