মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:০১

নগরীতে থামানো ট্রাকে দূর্বৃত্তদের অগ্নিসংযোগ

dynamic-sidebar

এইচ আর হীরা :
ঢাকা-বরিশাল মহাসড়কের কাশিপুর আনসার ক্যাম্প সংলগ্ন এলাকায় থেমে থাকা একটি ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৩ নভেম্বর) ভোররাতে দূর্বৃত্তরা ট্রাকটিতে আগুন ধরিয়ে পালিয়ে যায় বলে জানা গেছে।

ক্ষতিগ্রস্ত ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-ন ১৩-৩৪৪৩। আগুন লাগার পর পরই পাশের আনসার ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফলে বড় ধরনের কোনো দুর্ঘটনা বা প্রাণহানি ঘটেনি।

ট্রাক মালিক শহিদুল বেপারী খবর বরিশালকে জানান, “ট্রাকটি কিছুদিন ধরে বিকল অবস্থায় ছিল এবং মেরামতের কাজ চলছিল। কে বা কারা আগুন দিয়েছে তা এখনো জানা যায়নি।” তিনি আরও বলেন, “ঘটনার সময় ট্রাকটি খালি ছিল। তবে বিষয়টি আমাদের জন্য আতঙ্কের, কারণ এটি উদ্দেশ্যপ্রণোদিত বলেই মনে হচ্ছে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে সড়কে বিভিন্ন ধরনের নাশকতা ও ভাঙচুরের আশঙ্কা ছিল। সম্প্রতি অন্তর্বর্তী সরকার ছাত্রলীগের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করে, আর এর পরদিনই নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ১৩ নভেম্বর ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির ঘোষণা দেয়। এলাকাবাসীর ধারণা, রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে কেউ হয়তো বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে এই অগ্নিসংযোগ ঘটিয়েছে।

এ বিষয়ে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন খবর বরিশালকে বলেন, “রাতের শেষ প্রহরে অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত থেমে থাকা একটি ট্রাকে আগুন ধরিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করে। ঘটনাস্থলের পাশেই আনসার ক্যাম্পের সদস্যদের নজরে আসলে দ্রুত তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।”

তিনি আরও জানান, “ঘটনার পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় একটি মোটরসাইকেলে দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে ঘটনাস্থলের আশপাশে ঘোরাঘুরি করতে দেখা গেছে। বিষয়টি যাচাই-বাছাই চলছে। যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে পুলিশ সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net