বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৪১

দুপুরের মধ্যে বরিশালসহ ১৫ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা

দুপুরের মধ্যে বরিশালসহ ১৫ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা

dynamic-sidebar

বর্ষার দ্বিতীয় দিনে বরিশালসহ দেশের ১৫টি অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সঙ্গে তীব্র ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, এসব অঞ্চলের ওপর দিয়ে পূর্ব বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। বৈরী আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) ঝড় সতর্কীকরণ কেন্দ্রের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে এই ঝড়-বৃষ্টির আবহাওয়া বিরাজ করতে পারে। নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

অন্যদিকে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া বার্তায় জানানো হয়েছে, সকাল থেকে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এবং বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। ঢাকায় সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। আগের দিন ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস বলছে, দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১১ মিনিটে। বিগত ২৪ ঘণ্টায় রাজধানীতে সামান্য বা ট্রেস বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

দেশের অবশিষ্টাংশের জন্য আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টিপাতের এই পূর্বাভাসের মাঝেও রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও খুলনা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এ সময়ে সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net