খবর বরিশাল ডেস্ক :
বরিশালের বাকেরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে পুলিশের করা নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে আসামি করার অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।
গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে বাকেরগঞ্জ থানায় ১৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে মামলাটি করেন থানার উপপরিদর্শক (এসআই) মো. এনামুল হক। মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি স্বেচ্ছাসেবক দল নেতা মো. আনোয়ার হোসেন খানের নামও রয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, ২৪ সেপ্টেম্বর রাত তিনটার দিকে বাকেরগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভরপাশা গ্রামে জনসাধারণের ক্ষতি ও আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে আসামিরা ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় যুবলীগ নেতা বজলুল হাওলাদারকে গ্রেপ্তার করে পুলিশ। মামলায় সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইন, ২০২৬-এর কয়েকটি ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলায় নাম উল্লেখ করা ১৯ আসামির মধ্যে ষষ্ঠ নম্বরে রয়েছেন মো. আনোয়ার হোসেন খান। তিনি মির্জাগঞ্জ উপজেলার কাঁঠালতলী গ্রামের নুর মোহাম্মদ খানের ছেলে। তিনি মাধবখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি।
মামলায় নিজের নাম আসার বিষয়ে আনোয়ার হোসেন খান দাবি করেন, পূর্বশত্রুতার জের ধরে একটি মহল তাকে মামলায় আসামি করিয়েছে। তার ভাষ্য, মামলার বাদী এসআই এনামুল হকের সঙ্গে কথা বললে তিনিও নাকি তার নাম কীভাবে আসামির তালিকায় এসেছে, তা জানেন না বলে জানিয়েছেন।
আনোয়ার হোসেন আরও বলেন, ‘দীর্ঘদিন আওয়ামী লীগের মামলা-হামলার শিকার হওয়ার পরও আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে করা মামলায় আমাকে আসামি হতে হয়েছে।’ বিষয়টি নিয়ে তিনি বিএনপির দায়িত্বশীল নেতাদের সঙ্গেও কথা বলেছেন বলে জানান।
এ বিষয়ে বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব কামরুজ্জামান মিজান মিয়া বলেন, তিনি বিষয়টি শুনেছেন। আনোয়ার হোসেন ওই ঘটনার সঙ্গে সম্পৃক্ত নন বলেও তিনি দাবি করেন।
বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন বলেন, গত ২৪ সেপ্টেম্বর রাতে এসআই এনামুল হক বাদী হয়ে মামলাটি করেছেন। মামলাটি তদন্তাধীন রয়েছে।
আওয়ামী লীগের বিরুদ্ধে করা মামলায় বিএনপি-ঘনিষ্ঠ সংগঠনের এক নেতার নাম কীভাবে এজাহারে এসেছে—এ বিষয়ে জানতে চাইলে ওসি আদিল হোসেন নির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেননি।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply