বরিশাল নগরীর একটি ভাড়া বাসা থেকে আমেনা খানম (৬৫) নামে সাবেক স্কুল শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোর সাড়ে ৪ টার দিকে নগরীর ভাটিখানা রোকেয়া আজিম সড়কের খালপাড় এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
আমেনা খানম বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার বাসিন্দা ও একটি প্রার্থমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা ছিলেন।
স্থানীয়রা ও বাড়ির মালিক রিনা বেগম জানিয়েছেন, এক বছর আগে আমেনা খানম তার বাসার দ্বিতীয় তলায় ভাড়া নেন। তিনি ওই বাসায় একা থাকতেন। হঠাৎ করে বুধবার রাতে রুম থেকে গন্ধ বের হলে পাশের ভাড়াটিয়া আমেনা খানমের ছেলেকে জানান। আমেনা খানমের ছেলে ঢাকার একটি বেসরকারি ব্যাংকে কর্মরত। পরে বিষয়টি পুলিশকে জানালে ভোরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার সুশান্ত সরকার জানিয়েছেন, ছেলের কাছ থেকে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে দেখতে পায় ঘরটি বাইরে থেকে তালাবদ্ধ। পুলিশ তালা খুলে ভেতরে প্রবেশ করে কাপড় দিয়ে হাত-পা বাধা অবস্থায় মরদেহটি খাটের উপরে দেখতে পায়। তারপর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত, তাদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
Leave a Reply