খবর বরিশাল ডেস্ক ::
বরিশাল নগরীর পশালপুরে এক ছাত্রের নিচে জড়ো হয়ে ১১০০ খুদে শিক্ষার্থী পবিত্র কোরআন হাতে পেয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকালে দলিল উদ্দিন বালিকা বিদ্যালয়ের মাঠে খুদামূল কুরআন বাংলাদেশ কুরআন শিক্ষাবোর্ডের আয়োজনে বর্ণিল সবক প্রদান অনুষ্ঠানে বরিশাল সদরের ৬০টি মক্তবের শিশুদের হাতে কোরআন তুলে দেওয়া হয়।
এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিশুরা সাধারণ স্কুলে পড়ার পাশাপাশি কোরআন শিক্ষার সুযোগ পেয়ে আনন্দিত।
তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ফাতিমা আক্তার বলেন, ‘আমি এখন নিজে নিজে কোরআন পড়তে পারি। নিজের কোরআন পেয়ে অনেক ভালো লাগছে।’
চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, ‘প্রতিদিন ভোরে মক্তবে এসে পড়ি। বড় হয়ে পুরো কোরআন শিখতে চাই।’
অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘স্কুলের পড়ার পাশাপাশি সন্তান কোরআন শিখছে, এটা আমাদের জন্য বড় প্রাপ্তি। শৈশব থেকেই ধর্মীয় ও নৈতিক শিক্ষা পেলে ওরা সঠিক পথে বড় হবে। এমন চর্চা কোমলমতি শিশুদের জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
খুদ্দামুল কুরআন বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের প্রতিষ্ঠাতা পরিচালক বখতিয়ার হোসাইন সরদার জানান, ‘শনিবার সকালে বরিশাল সদরের আশপাশের ৬০টি মক্তবের ১১০০ ছাত্র-ছাত্রীকে কুরআন কারীম সবক প্রদান করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘শিশুকাল থেকেই ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের সঠিক বুনিয়াদ গড়ে তুলতে পারলে জীবনের শুরুতেই ইতিবাচক পরিবর্তন আসবে। এটি আগামী প্রজন্মকে মাদকের ছোবল ও সামাজিক অবক্ষয় থেকে নিরাপদ রাখতে শক্তিশালী ভূমিকা রাখবে।’
বোর্ড সূত্রে জানা গেছে, খুদ্দামুল কুরআন বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের পরিচালনায় ‘সুবাহী মক্তব’ সারাদেশের ৩৬টি জেলায় প্রায় ছয় হাজার চালু রয়েছে। ১৯৯৬ সাল থেকে পর্যায়ক্রমে প্রতিবছর লাখ লাখ ছেলেমেয়ে এসব মক্তব থেকে কোরআন শিখে আসছে। চলতি বছর ২ লাখ ৩০ হাজার শিক্ষার্থী এসব মক্তবে পড়াশোনা করছে।
বোর্ডের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত নিয়মিত পরীক্ষায় ৪৫ হাজার ছেলেমেয়ে আম্মাপারা পরীক্ষায় অংশ নিয়েছে। অক্টোবর মাসজুড়ে সারাদেশে একযোগে কুরআন সবক অনুষ্ঠান চলছে। বরিশালের এই আয়োজন সেই ধারাবাহিক কর্মসূচিরই অংশ।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply