মিয়ানমার থেকে বিতাড়িত বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা নারী ও শিশুদের নিরাপদ জীবন বাঁচাতে জনসচেতনতা সৃষ্টির জন্য ইমাম ও আলেম-ওলামাদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশে সফররত জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত প্রমিলা প্যাটেন।
শুক্রবার বিকেলে রাজধানীর আগারগাঁও ইসলামিক ফাউন্ডেশন কার্যালয় পরিদর্শন শেষে দেশের ইমাম, আলেম-ওলামার সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের অভিজ্ঞতা বর্ণনা করে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত বলেন, রোহিঙ্গারা মানবিক সংকটের মধ্য দিয়ে অতিক্রম করছে। রোহিঙ্গারা যেমন তাদের নিজ দেশে নির্যাতিত হয়েছে, বাংলাদেশে আশ্রয় নিয়েও তারা মানবেতর জীবনযাপন করছে।
তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন ধরনের অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে। নারি ও শিশু পাচার, যৌন হয়রানিসহ বিভিন্ন ধরনের অঘটন ঘটতে পারে। তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে যেমন ব্যবস্থা নিতে হবে তেমনি এ বিষয়ে জনসচেতনতা তৈরির জন্য ইমাম ও আলেম-ওলামাদের ভূমিকা রাখতে হবে। রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে তাদের জন্য সরকারের নেওয়া পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন তিনি।
জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত প্রমিলা প্যাটেনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ইসলামিক ফাউন্ডেশন কার্যালয় পরিদর্শন করেন। পরে ইমাম, আলেম-ওলামা ও ফাউন্ডেশনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তারা। সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল।
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু বাংলাদেশে ৫০ হাজার বিহারির আশ্রয়ের ব্যবস্থা করেছেন। আর বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় ১০ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। বাংলাদেশে তাদের সাময়িক নিরাপদ আশ্রয়, খাবার, স্বাস্থ্যসেবা ও নিরাপত্তাসহ প্রয়োজনীয় সবধরনের ব্যবস্থা গ্রহণ করেছে, পাশাপাশি রোহিঙ্গাদের তাদের দেশে ফেরত পাঠাতে সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, ইসলামিক ফাউন্ডেশনের ১২টি মেডিক্যাল টিম গত ২ মাস যাবৎ রোহিঙ্গা ক্যাম্পে বিনামূল্যে ওষুধসহ চিকিৎসা সেবা প্রদান করছে। তিনি রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আরো জোরালো ভূমিকা পালনের আহ্বান জানান।
সভায় ইসলামিক ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ শতাধিক ইমাম ও আলেম-ওলামা অংশ নেন।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply