শামীম আহমেদ ॥ প্রেমের সম্পর্কে গোপনে বিয়ে করা স্ত্রীকে অন্যত্র বিয়ে দেয়ার আয়োজনে বাঁধা দেয়ায় প্রেমিককে ইয়াবা দিয়ে ফাঁসিয়ে পুলিশের কাছে সোর্পদ করেছে প্রেমিকার (স্ত্রী) নিকট আত্মীয়রা।
সোমবার সকালে পুলিশ আটককৃত প্রেমিককে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছেন। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার বাঙ্গিলা গ্রামের।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর রমজানপুর গ্রামের জালাল বেপারীর পুত্র আশ্রাফুল আলম লিয়ন বেপারীর (২০) সাথে একই বাড়ির স্কুল ছাত্রীর (১৮) দীর্ঘদিন ধরে প্রেমের সর্ম্পক চলে আসছে।
এ সম্পর্ক মেনে নিতে পারেননি ওই স্কুল ছাত্রীর অভিভাবকরা।
লিয়ন বেপারী ভাই রিমন বেপারী বলেন, আমার অসুস্থ্য ছেলের চিকিৎসা করাতে গত ১৩ জুলাই আমি ও আমার ছোট ভাই লিয়ন ঢাকায় যাই। এ সুযোগে লিয়নের প্রেমিকাকে জোরপূর্বক তার মামা বাড়ি গৌরনদীর বাঙ্গিলা গ্রামে পাঠিয়ে দেয়া হয়।
থানা হাজতে বসে লিয়ন বেপারী সাংবাদিকদের জানান, প্রেমের সর্ম্পকে গোপনে তারা দু’জনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। জোরপূর্বক তার স্ত্রীকে অন্যত্র বিয়ে দেবার বিষয়টি মোবাইল ফোনে তার স্ত্রী তাকে জানায়।
এরপর সে রবিবার দুপুরে ঢাকা থেকে সড়কপথে টরকী বাসষ্ট্যান্ডে নেমে তার স্ত্রীকে ফোন দেয়। লিয়ন বেপারীর টরকী আসার খবর পেয়ে তার স্ত্রীর প্রভাবশালী মামা ভাড়াটিয়া লোকজন দিয়ে লিয়নকে টরকী থেকে অপহরণ করে বাঙ্গিলা গ্রামে নিয়ে ৪৫পিস ইয়াবা ট্যাবলেট প্যান্টের পকেটে ঢুকিয়ে দিয়ে থানা পুলিশকে খবর দেয়।
এ ব্যাপারে গৌরনদী মডেল থানার এসআই মেহেদী হাসান বলেন, এলাকাবাসী ইয়াবা ট্যাবলেটসহ লিয়ন বেপারীকে আটক করে রবিবার সন্ধ্যায় থানা পুলিশের কাছে সোর্পদ করেছে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply