অনলাইন ডেস্ক// গভীর সমুদ্রে প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হওয়া ৯২ জেলের মধ্যে ২৩ জন ফিরে এসেছেন। তারা ঝড়ের কবলে পড়ে ভাসতে ভাসতে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় ঢুকে পড়েছিলেন।
মঙ্গলবার (২৪ জুলাই) বিকেলে দুই ট্রলারসহ তারা পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটে আসেন। ট্রলারের খাবার না থাকায় ফিরে আসা জেলেরা অসুস্থ হয়ে পড়েছেন। তাদের জেলা ট্রলার মালিক সমিতির তত্ত্বাবধানে চিকিৎসা দেয়া হচ্ছে।
ফিরে আসা এফবি মায়ের দোয়া ট্রলারের মাঝি দেলোয়ার হোসেন ও এফবি ভাই ভাই ট্রলারের মাঝি শাহিন জানান, শনিবার (২১ জুলাই) সকালে গভীর সমুদ্রের ঝড়ের কবলে পড়েন তারা। ওই সময় দিক হারিয়ে ভাসতে ভাসতে ভারতীয় জলসীমার কাকদ্বীপ এলাকায় চলে যান তারা। রোববার সকালে ভারতীয় জেলেরা তাদের বাংলাদেশের জলসীমায় এগিয়ে দিয়ে যান। তারা তিনদিন ট্রলার চালিয়ে মঙ্গলবার বিকেলে ঘাটে ফিরে এসেছেন। দুই ট্রলারে মোট ২৩ জন রয়েছেন।
তারা আরও জানান, তাদের ট্রলারের সঙ্গে এফবি জুয়েল, এফবি সুমন ও এফবি মায়ের আঁচলসহ এক সঙ্গে ১০টি ট্রলার ছিল। যার মধ্যে দু’টি পাথরঘাটার। বাকি ট্রলারগুলো চট্টগ্রাম, বাগেরহাটসহ বিভিন্ন এলাকার।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ফিরে আসা জেলেরা অসুস্থ, তাদের প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও পাঁচটি ট্রলার ও ৬৯ জন জেলে এখনও নিখোঁজ। তাদের উদ্ধারের জন্য মালিক সমিতির ছয়টি ট্রলার ও নৌবাহিনী যৌথভাবে অভিযান চালাচ্ছে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply