বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:২১

স্কুল যাওয়ার পথে ছাত্রীকে চাপা দিলো বাস

dynamic-sidebar

বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের গাবতলা স্ট্যান্ড এলাকায় বাসের ধাক্কায় লামিয়া আক্তার (৮) নামে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রী নিহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বরিশাল-বানারীপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটি আটক করে এবং সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ দেয়। পরে চালককে গ্রেফতার ও দ্রুত বিচারের আশ্বাসে প্রায় ৫ ঘণ্টা পর অবরোধ তুলে নেয় শিক্ষার্থী ও স্থানীয়রা। দুপুর ২টার পর ওই সড়কে যান চলাচল স্বভাবিক হয়।

নিহত লামিয়া গুঠিয়া ইউনিয়নের গাবতলা এলাকার খায়রুল সিকদারের মেয়ে এবং গুঠিয়া নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯টার দিকে শিশু লামিয়া বাড়ি থেকে নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিল। পথিমধ্যে গাবতলা স্ট্যান্ড অতিক্রমকালে বরিশাল থেকে বানারীপাড়াগামী সেবা পরিবহনের একটি বাস লামিয়াকে ধাক্কা দেয়। এতে লামিয়া ঘটনাস্থলেই নিহত হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা ধাওয়া করে বাসটি আটক করে। তবে তার আগেই চালক পালিয়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক বাস চালকের শাস্তির দাবিতে বরিশাল-বানারীপাড়া সড়কের গাবতলা এলাকা অবরোধ করে। পরে চালক গ্রেফতার ও বিচারের আশ্বাসে প্রায় ৫ ঘণ্টা পর অবরোধ তুলে নেয় শিক্ষার্থী ও স্থানীয়রা।

উজিরপুর থানা পুলিশের ওসি শিশির কুমার পাল বলেন, পুলিশ বাসটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। পুলিশের চেষ্টায় দুপুর ২টার পর ওই সড়কে যান চলাচল স্বভাবিক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net