সুনান বিন মাহাবুব॥ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার বিচার দাবিতে পটুয়াখালীর সাধারন শিক্ষার্থীরা মঙ্গলবার (৮ অক্টোবর) পটুয়াখালী সরকারী কলেজ ক্যাম্পাসের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। সাধারন শিক্ষার্থীদের পক্ষে মোঃ জাহিদ হাসান এর নেতৃত্বে আবরার ফাহাদ হত্যার বিচার দাবিতে উক্ত মানববন্ধন এবং মিছিলে অংশগ্রহন করেন পটুয়াখালীর বিভিন্ন প্রতিষ্ঠানের বহু শিক্ষার্থী।
উল্লেখ্য, ভারতের সঙ্গে চুক্তির বিরোধিতা করে শনিবার বিকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন ফাহাদ। এর জের ধরে রোববার রাতে শেরেবাংলা হলের নিজের ১০১১ নম্বর কক্ষ থেকে তাকে ডেকে নিয়ে ২০১১ নম্বর কক্ষে বেধড়ক পেটানো হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পিটুনির সময় নিহত আবরারকে ‘শিবিরকর্মী’ হিসেবে চিহ্নিত করার চেষ্টা চালায় খুনিরা।তবে আবরার কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না বলে নিশ্চিত করেছেন তার পরিবারের সদস্যসহ সংশ্লিষ্টরা।
হত্যাকা-ের প্রমাণ না রাখতে সিসিটিভি ফুটেজ মুছে (ডিলেট) দেয় খুনিরা। তবে পুলিশের আইসিটি বিশেষজ্ঞরা তা উদ্ধারে সক্ষম হন। পুলিশ ও চিকিৎসকরা আবরারকে পিটিয়ে হত্যার প্রমাণ পেয়েছেন। এ ঘটনায় বুয়েট শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মুহতাসিম ফুয়াদ ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেলসহ মোট ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এ ঘটনায় ১৪ জন জড়িত বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ) কৃষ্ণপদ রায়।
আবরার ফাহাদ বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তার গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। তাকে মারধরের সময় ২০১১ নম্বর কক্ষে উপস্থিত ছিলেন বুয়েট ছাত্রলীগের সহসম্পাদক আশিকুল ইসলাম বিটু।
ফাহাদ হত্যার বিচার দাবিতে আজ সকাল থেকে পটুয়াখালী সরকারী কলেজ ক্যাম্পাসে জড়ো হয় সাধারন শিক্ষার্থীরা। আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি, ফাহাদ হত্যার বিচার দ্রুত সম্পন্ন করতে হবে। হত্যায় জড়িত সকলকে ফাঁসি দিতে হবে। এছাড়া প্রশাসনের জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনতে হবে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply