নিজস্ব প্রতিবেদকঃবরিশাল-গোপালগঞ্জ আঞ্চলিক সড়কের ফুলশ্রী বাসস্ট্যান্ডে করোনার ভয়ে ৭০ বছর বয়সী এক বৃদ্ধাকে ফেলে রেখে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আগৈলঝাড়া থানার পুলিশ সদস্যরা আজ সোমবার বিকেলে অসুস্থ ওই বৃদ্ধাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সোমবার দুপুরে কে বা কারা দিপু বালা নামের ওই বৃদ্ধাকে অসুস্থ অবস্থায় ফুলশ্রী বাইপাস সড়কের ফুলশ্রী বাসস্ট্যান্ডে ফেলে যায়। এরপর তিনি জ্ঞান হারান। এই অবস্থায় কেউ এগিয়ে না আসায় স্থানীয়রা সোমবার বিকেলে বিষয়টি আগৈলঝাড়া থানাকে জানান। বিকেল ৬টার দিকে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বৃদ্ধাকে উদ্ধার করে নিয়ে যান। ওই বৃদ্ধা উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর গ্রামের স্বামী মৃত অশ্বিনী বালার স্ত্রী।
আস্কর গ্রামে দিপুর প্রতিবেশীরা জানান, নিঃসন্তান দিপু বালা তাঁর দূর সম্পর্কের ভাই একই গ্রামের মনোরঞ্জন সাহার কাছে থাকতেন। বছর খানেক আগে তিনি দিপু বালাকে বরিশাল কাঠপট্টি রোডের ধীরেণ সিকদারের বাসায় বুয়ার কাজ দেন। সেখানে চার–পাঁচ দিন যাবৎ অসুস্থ হয়ে পড়লে বাড়ির মালিক তাঁকে চিকিৎসক দেখিয়ে মোটামুটি সুস্থ করে ওষুধ কিনে বাড়িতে খবর পাঠান। মনোরঞ্জন সাহা তাঁকে বরিশাল থেকে নিয়ে আসার জন্য ছেলে মিথুন সাহাকে বরিশাল পাঠান।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, দিপুকে বরিশাল থেকে নিয়ে আসেন মিথুন সাহা। দুপুর ১২টা দিকে বরিশাল-গোপালগঞ্জ আঞ্চলিক সড়কের ফুলশ্রী বাইপাশ সড়কের ফুলশ্রী বাসস্ট্যান্ডে পৌঁছেন। এ সময় জ্বর দেখে করোনার ভয়ে বাড়িতে না নিয়ে তাঁকে রাস্তার ফেলে যান মিথুন সাহা। খবর পেয়ে তাঁকে উদ্ধার করে বিকেলে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ প্রসঙ্গে জানতে মিথুন সাহার (২২) সঙ্গে যোগাযোগ করে তাঁকে পাওয়া যায়নি। তবে মিথুনের বাবা মনোরঞ্জন সাহা বলেন, ‘দিপু বালাকে আমার কাছে রাখার জন্যই তাঁকে আনতে পাঠিয়েছি। কিন্তু ছেলে কেন এ ধরনের কাজটি করল, তা বোধগম্য নয়।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বখতিয়ার আল মামুন বলেন, বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করার পর সুস্থ করতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বয়সের ভারে অনেকটা অসুস্থ হলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৃদ্ধা করোনায় সংক্রমিত নন। অযথা করোনার ভয় থেকেই রাস্তায় ফেলে গেছেন স্বজনেরা।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, করোনা মোকাবিলায় মানুষের বিবেককে জাগ্রত করা প্রয়োজন। মানবিকতাবিবর্জিত হলে মহামারিতে সংকট আরও ঘনীভূত হবে। বৃদ্ধার ভাতিজা মিথুন সাহার অবহেলার বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply