, ,

শিরোনাম :

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক :

ঢাকায় দায়িত্ব পালন শেষে বিদায় নেওয়ার প্রাক্কালে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় দুই দেশের বিদ্যমান প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করা, সামরিক প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বিদায়ী সাক্ষাতে প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশে দায়িত্ব পালনকালে দুই দেশের দ্বিপক্ষীয় ও প্রতিরক্ষা সম্পর্ককে আরও এগিয়ে নিতে চীনা রাষ্ট্রদূতের গঠনমূলক ভূমিকা ও অবদানের প্রশংসা করেন। একই সঙ্গে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি ও পেশাগত উন্নয়নে চীনের অব্যাহত সহযোগিতার জন্য তাকে আন্তরিক ধন্যবাদ জানান।
প্রতিরক্ষা উপদেষ্টা আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে বাংলাদেশ ও চীনের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার হবে। পাশাপাশি সামরিক প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহযোগিতা ও যৌথ উদ্যোগের পরিধিও বাড়বে।
বিদায়ী চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশ চীনের অত্যন্ত বিশ্বস্ত বন্ধু এবং গুরুত্বপূর্ণ উন্নয়ন ও কৌশলগত অংশীদার। বাংলাদেশে দায়িত্ব পালনকালে প্রতিরক্ষা উপদেষ্টা ও সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে পাওয়া সহযোগিতার কথা তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। ভবিষ্যতে বাংলাদেশ ও চীনের পারস্পরিক বিশ্বাস, ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ইয়াও ওয়েন।
উল্লেখ্য, এর আগেও বাংলাদেশ ও চীনের মধ্যে সামরিক প্রশিক্ষণ, সামরিক শিক্ষা, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং প্রতিরক্ষা খাতের আধুনিকায়ন নিয়ে দুই দেশের সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net