খবর বরিশাল ডেস্ক::
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়ন বিএনপি কার্যালয়ে অজ্ঞাতনামা চিঠি রেখে দলের চার স্থানীয় নেতাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রায়কালী বাজারে অবস্থিত ইউনিয়ন বিএনপি কার্যালয় পরিষ্কার করার সময় পলিথিনে মোড়ানো একটি খাম পাওয়া যায়। খাম খুলে লাল কালিতে লেখা একটি চিঠি দেখতে পান দলের কর্মী মোজাম্মেল হক মোজাম। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে রাতেই ঘটনাস্থলে গিয়ে চিঠিটি জব্দ করে পুলিশ।
উদ্ধার করা চিঠিতে লাল কালিতে চার নেতার নাম উল্লেখ করে লেখা রয়েছে, ‘হত্যা করা হবে, সময় ১৫ দিন’।
হুমকির শিকার নেতারা হলেন রায়কালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম. ইউ. আহমেদ মোশারফ, ইউনিয়ন বিএনপির যুববিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, বিএনপি নেতা হেলাল হোসেন এবং কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম।
রফিকুল ইসলাম বলেন, ‘লাল কালি দিয়ে হুমকি দেয়াটা রক্তের সংকেত বা ভীতি ছড়ানোর উদ্দেশ্যে করা হতে পারে। বর্তমান পরিস্থিতিতে আমাদের সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে কেউ এই হুমকি দিতে পারে। ঘটনাটি হালকাভাবে দেখার সুযোগ নেই। আমরা দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
এম. ইউ. আহমেদ মোশারফ বলেন, ‘এর আগে কখনো এমন হুমকি বা চিঠির মুখোমুখি হতে হয়নি। আমরা এ বিষয়ে আইনি পদক্ষেপ নিচ্ছি।’
রায়কালী ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুজ্জামান বুলু বলেন, ‘পুলিশকে জানানো হয়েছে এবং তারা বিষয়টি খতিয়ে দেখছে।’
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ বলেন, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে চিঠিটি জব্দ করেছে। এলাকাটিতে নজরদারি ও টহল বাড়ানো হয়েছে।
তিনি বলেন, ঘটনাটির পেছনে কারা জড়িত এবং এটি নিছক হুমকি নাকি অন্য কোনো উদ্দেশ্যে করা হয়েছে, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply