, ,

স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিলেন স্কুল শিক্ষিকা

স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিলেন স্কুল শিক্ষিকা

dynamic-sidebar

উজিরপুর প্রতিনিধি

কিডনি রোগে আক্রান্ত স্বামীকে নতুন করে জীবন দিতে নিজের একটি কিডনি দান করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্দিরা রানী পাল ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ভারতের দিল্লির একটি হাসপাতালে শুরু হয়েছে এই শিক্ষক দম্পতির কিডনি প্রতিস্থাপনের অস্ত্রোপচার।

মন্দিরা রানী পালের স্বামী সুদাম পাল গৌরনদী উপজেলা সহকারী শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক এবং উপজেলার নীলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত স্বামীকে সুস্থ করে তুলতে স্ত্রী মন্দিরা রানী নিজের একটি কিডনি দানের সাহসী সিদ্ধান্ত গ্রহণ করেন।

শিক্ষক সুদাম পালের ঘনিষ্ঠ বন্ধু গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিয়া জানান, ২০০৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন সুদাম ও মন্দিরা দম্পতি। তাদের সংসারে রয়েছে এক ছেলে ও এক মেয়ে।

২০১৯ সালে সুদাম পাল কিডনি রোগে আক্রান্ত হওয়ার পর থেকেই পরিবারটির সুখের সংসারে নেমে আসে অনিশ্চয়তা ও দুশ্চিন্তার ছায়া। দেশে ও ভারতে দীর্ঘদিন চিকিৎসা করানোর পর চিকিৎসকেরা সুদাম পালের কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন। কিন্তু বিভিন্ন জায়গায় চেষ্টা করেও উপযুক্ত কিডনি দাতা পাওয়া যাচ্ছিল না। অবশেষে স্বামীর জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দান করার সিদ্ধান্ত নেন স্ত্রী মন্দিরা রানী পাল।

স্বামীর প্রতি গভীর ভালোবাসা থেকে তিনি বলেছিলেন, ‘আমার স্বামী যদি পৃথিবীতে বেঁচে না থাকেন, তাহলে আমার বেঁচে থেকে কী লাভ!’

বর্তমানে ভারতে অবস্থানরত প্রধান শিক্ষক মন্দিরা রানীর ভাই ও সুদাম পালের শ্যালক সবুজ কুমার পাল জানান, আদালত, আইন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করার পর গত ২৯ সেপ্টেম্বর থেকে দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে তাদের চিকিৎসার পরবর্তী কার্যক্রম শুরু হয়। হাসপাতালের ডিপার্টমেন্ট অব ইউরোলজি, কিডনি ট্রান্সপ্লান্টেশন, রোবোটিক অ্যান্ড ইউরো-অনকোলজির চেয়ারম্যান অধ্যাপক ডা. অনন্ত কুমারের তত্ত্বাবধানে দীর্ঘদিন ধরে চিকিৎসা ও প্রয়োজনীয় ফলোআপ চলে। সব প্রস্তুতি শেষে মঙ্গলবার (২৪ নভেম্বর) ভারতের স্থানীয় সময় সকাল সাড়ে আটটা থেকে হাসপাতালটিতে মন্দিরা রানী ও সুদাম পালের কিডনি প্রতিস্থাপনের অস্ত্রোপচার শুরু হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ত্রোপচার চলছিল।

অপরদিকে স্বামীর জীবন বাঁচাতে স্ত্রীর কিডনি দানের এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে গৌরনদীজুড়ে ব্যাপক প্রসংশা ও আবেগের সৃষ্টি হয়। শিক্ষক দম্পতির এমন ভালোবাসা ও আত্মত্যাগকে অনেকেই ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছেন। পাশাপাশি তাদের দ্রুত সুস্থতা ও স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য প্রার্থনা ও শুভকামনা জানিয়েছেন বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ। একটি কিডনি দিয়ে স্বামীকে নতুন জীবন দেওয়ার এই উদ্যোগ যেন আবারও প্রমাণ করল- সত্যিকারের ভালোবাসা শুধু সুখের মুহুর্তে পাশে থাকা নয়, বরং কঠিনতম সময়েও প্রিয় মানুষের জীবন বাঁচাতে নিঃস্বার্থভাবে এগিয়ে আসা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net