, ,

বুলবুলের প্রভাবে বিদ্যুৎ খাতে ক্ষতি ২৩ কোটি টাকা

বুলবুলের প্রভাবে বিদ্যুৎ খাতে ক্ষতি ২৩ কোটি টাকা

dynamic-sidebar

অনলাইন ডেস্ক : ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি), ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) প্রায় ২৩ কোটি টাকার ক্ষতি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আরইবির। ঝড়ে প্রায় সংস্থাটির ৪৭ হাজার কিলোমিটার লাইনে সরবরাহ বন্ধ থাকায় প্রায় ২০ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। আরইবি চেয়ারম্যান মেজর জেনারেল মঈনউদ্দিন বলেন, আমাদের ২৩টি সমিতিতে ঝড়ে ক্ষতি হয়েছে। যার মধ্যে গতকাল সোমবার পর্যন্ত প্রায় ১৪টি সমিতির বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়েছে। বাকিগুলোর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে। সেটা ঠিক করতে আরও এক-দুই দিন লাগতে পারে। তবে সার্বিকভাবে বিদ্যুৎ ব্যবস্থার যে ক্ষতি হয়েছে সেটা পুনর্গঠন করে আজ মঙ্গলবারের মধ্যে সব জেলায় স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা যাবে বলে আশা করছে বিদ্যুৎ বিভাগ।

বিদ্যুৎ বিভাগ সূত্র জানায়, ঝড়পরবর্তী সময়ে সব বিতরণ কোম্পানি প্রস্তুত থাকায় অনেক জায়গাতেই দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে আসে। তবে কোনো কোনো জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকতে হয়েছে গ্রাহকদের। বিশেষ করে বরগুনা ও বরিশাল এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে বেশি সময় লেগেছে। গতকাল রাত পর্যন্ত ওই দুই জেলার অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা যায়নি। তবে আজকের মধ্যে এই সমস্যা আর থাকবে না বলে জানিয়েছেন ওই অঞ্চলে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুল ইসলাম।

জানা যায়, ঝড়ে বরিশাল-মাদারীপুর ১৩২ কেভি এবং বাগেরহাট-ভা-ারিয়া ১৩২ কেভি সঞ্চালন লাইন দুটির ওপর গাছ পড়ে ট্রিপ

করায় বরিশাল, পটুয়াখালী এবং বরগুনা জেলা পুরোপুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। ঝড়ের পরও বৃষ্টি এবং তীব্র বাতাসের কারণে লাইন ঠিক করা সম্ভব হয়নি। তবে রবিবার দুপুর ৩টার পর থেকে কাজ শুরু করায় গতকাল সকাল ১০টা নাগাদ লাইন দুটি আবার চালু হয়। এ ছাড়া দেশের আর কোনো সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানিয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)।

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ তদারকির দায়িত্বে থাকা আরইবির এক প্রকৌশলী জানান, গতকাল রাত ১০টা নাগাদ তারা ৩৭ হাজার কিলোমিটার লাইন চালু করতে পারবেন। তবে অবশিষ্ট ১০ হাজার কিলোমিটাল লাইন চালু করতে তাদের কাল দুপুর পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই ১০ হাজার কিলোমিটার লাইনে অন্তত ৭ লাখ গ্রাহক রয়েছেন। আরইবির চেয়ারম্যান বলেন, বুলবুলের প্রভাবে তাদের ১৫ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। বিশেষ করে ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতির এক হাজার চারশ পুল। এ ছাড়া এক হাজার ক্রসআর্মড, ২০০ ট্রান্সফরমার, এক হাজার কিলোমিটার বৈদ্যুতিক তার নষ্ট হয়েছে।

আরইবির মতোই দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিদ্যুৎ বিতরণকারী ওজোপাডিকো সূত্র বলছে, রবিবার দুপুর নাগাদ তাদের সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। কিন্তু বরগুনা ও বরিশালে পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ করা যায়নি। সেখানে কাজ চলছে। ঝড়ের কারণে তাদের মোট ৭ কোটি ৭২ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শফিকউদ্দিন বলেন, ঝড়ে তাদের এক হাজার ১৩৩টি পোল পড়ে গেছে। এ ছাড়া ২১১ কিলোমিটার লাইন আংশিক বা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে ৬৯টি ট্রান্সফরমার এবং এক হাজার ৩৬১টি ইনসুলেটর নষ্ট হয়েছে।

এদিকে পিডিবি এক প্রতিবেদনে জানিয়েছে, বুলবুলের প্রভাবে তাদের ক্ষতি হয়েছে ৬৬ লাখ ১৬ হাজার টাকার। বিতরণ লাইনের মধ্যে ৩৩ কেভির চার কিলোমিটার লাইন এবং তিনটি টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। ১১ কেভির আড়াই কিলোমিটার লাইন এবং ১১টি খুঁটি পড়ে গেছে। দশমিক ৪ কেভির সাড়ে ১২ কিলোমিটার লাইনও ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি ট্রান্সফরমার এবং ইনসুলেটর।

পিডিবি বলছে ঝড়ে কুমিল্লাতে তাদের একটি লাইন ট্রিপ করেছিল; কিন্তু তা ঝড়ের পর পরই ঠিক করা হয়েছে। এ ছাড়া পিডিবির বিতরণ এলাকায় বড় কোনো ক্ষতি হয়নি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net