নিজস্ব প্রতিবেদকঃ আদালতের জেনারেল রেজিস্ট্রার অফিসার (জিআরও) স্বাক্ষর ও সিল জাল করে মামলার এজারভুক্ত আসামীর ভুয়া জামিনের ঘটনায় জড়িত এক দালালকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকাল ৩ টার দিকে অভিযুক্ত দালাল জুলহাস ওরফে শাহিন হাওলাদারকে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মওদুদ আহমেদ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, একটি মারামারির ঘটনায় গত ২৩ জুন উজিরপুর থানার জনৈক ইকবাল হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় ৬ জন আসামী করা হয়। এরা হচ্ছেন- বাদশা খান, রফিক খান, হালিম খান, কামাল খান ও আব্বাস খান। মামলা পরবর্তী এরা কেউ আদালতে হাজির কিংবা জামিন নেননি। অথচ ৩০ জুন সংশ্লিষ্ট আদালতের জিআরও আবু তালেবের স্বাক্ষর ও সিল জালিয়াতি করে বাদশা খানের জামিনের রিকলের (জামিনের প্রমাণপত্র) সাথে জামিন না নেওয়া অপর পাঁচ আসামির নাম যুক্ত করে একটি ভুয়া রিকল তৈরি করে উজিরপুর থানায় পাঠান দালাল জুলহাস ওরফে শাহিন হাওলাদার।
এদিকে জাল রিকলের বিষয়টি নিশ্চিত হয়ে মামলার তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান বাদী হয়ে গত ৭ জুলাই ৫ জনের বিরুদ্ধে উজিরপুর থানায় ১টি প্রতারলা মামলা দায়ের করেন। তদন্ত চলাকালীন জুলহাস ওরফে শাহিন হাওলাদারের সম্পৃক্ততা পাওয়া গেলে গত সোমবার তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হলে বিচারক শুনানি শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply